logo

প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ
জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। ছবি: এশিয়া পোস্ট

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়ক অবরোধ করেন।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটোশূন্য অবস্থায় রয়েছে। চালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না বলেও ঘোষণা দেন।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপকমিশনার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।

অটোচালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সড়কে অভিযানের নামে অটোচালকদের হয়রানি বন্ধ করা। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা।

অটোচালক সাইফুল ইসলাম বলেন, রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছে। যারা অটো চালিয়ে জীবন জীবিকা চালায়।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো প্রায় চলছেই না।

সকাল থেকেই শত শত অটোচালক প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় অবস্থান নেয়। এ সময় দুপাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।