পুলিশের সঙ্গে অসদাচরণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে আটক ১

রাজধানীর রামপুরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময় তিনি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দিতে ভিডিও করছিলেন।
অভিযোগ করা হয়, এ সময় পিকআপটির চালক কর্তব্যরত সার্জেন্টের পথরোধ করে তার ভিডিও ধারণ করেন। পরে সার্জেন্ট ঘটনাস্থল ছাড়ার সময় ওই ব্যক্তি পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তার পরিচালিত ‘রোড স্কোপ ঢাকা’ নামের ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন।
ঘটনার পর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে তাকে আটক করেন। পরে আটক ব্যক্তিকে রামপুরা থানার মাধ্যমে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
