logo
Advertisement

রাজধানীর দক্ষিণখানে অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীর দক্ষিণখানে অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক কারবারিরা। ছবি : ডিএমপি

রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-মাদকসহ চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

Advertisement

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।

মির্জা তারেক আহমেদ বেগ জানান, শনিবার দক্ষিণখান এলাকায় সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য এবং ১৬৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মো. মুকলেছুর রহমান (২৫), মো. রাহিম সিকদার (২২) ও গোলাম রহমান (৩০)। তারা দক্ষিণখানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ইয়াবাসহ গ্রেপ্তাররা হলেন, মেহেরাজ হাসান অন্তর (২০) ও শাকিল আহমেদ হাসান (২৫)।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সদস্যদের নানা অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, অগ্নিসংযোগ, মাদক সেবন ও মাদক কারবার প্রবণতা বেড়ে যাওয়ায় অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় দক্ষিণখান থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। অভিযানে উদ্ধার করা দেশীয় অস্ত্র ও মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিসি তারেক আহমেদ।