নাশকতায় অর্থ জোগানের অভিযোগে তিন নেতাসহ গ্রেপ্তার ৫

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের চার নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। অপর দুজনের একজনকে বনানী থেকে এবং অন্যজনকে কারওয়ান বাজারে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) রাত ১২টা থেকে সোমবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল। এ সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২), স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন (২৭) এবং শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুবকে (২৭) গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, দেলোয়ার হোসেন দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসআরইউর অভিযোগ, গ্রেপ্তার তিনজন সাম্প্রতিক সময়ে রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য জনবল ও প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছিলেন। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বনানী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাহাবুবুল আলম জোবায়ের (৩৭) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে এসআরইউর ইনভেস্টিগেশন টিম-১। পুলিশের দাবি, তিনি বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সোমবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান চালায় এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে দুই গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। পরে তাকে ও উদ্ধার করা গাঁজা তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
