logo

দক্ষিণখানে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

দক্ষিণখানে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
তইমুল হোসাইন। ছবি: এসআরবির সৌজন্যে

রাজধানীর দক্ষিণখানে বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের তইমুল হোসাইন (৫০) নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত অপ্সস অ্যান্ড মিডিয়া অফিসার) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (৮ নভেম্বর) দক্ষিণখান থানাধীন আশকোনার হাজী ক্যাম্পসংলগ্ন আয়েশা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তইমুল হোসাইনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা মাদরাসা পাড়ায়। তিনি বর্তমানে রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় বসবাস করছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, তইমুল হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে দক্ষিণখান থানায় ৮ নভেম্বর একটি মামলা হয়েছে। ওই মামলার ১ নম্বর আসামি সে।

গ্রেপ্তারের পর তইমুল হোসাইনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণখান থানায় হস্তান্তর করেছে এসআরবি-১।

সংস্থাটি জানিয়েছে, মানবপাচারকারীদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।