বাসায় ঢুকে পরিবারকে কোপাল পাওনাদার, নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে বাসায় ঢুকে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এরমধ্যে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মা মৌসুমী (৩৫), মোয়াজ (১৪) ও জয়া (১২)। আহত অবস্থায় দিয়া আক্তারকে (২০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী আবু মুসাসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, পেশায় ঠিকাদার আবু মুসা নবুউল্লাহার কাছে টাকা পেতেন। সেই টাকা নিতে ভোরে নবুউল্লাহার বাসায় যান তিনি। এ সময় টাকা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাকে কুপিয়ে জখম করেন নবুউল্লাহ।
তিনি বলেন, আবু মুসাও উত্তেজিত হয়ে বাসায় থাকা নবুউল্লার স্ত্রী মৌসুমী আক্তার, মেয়ে জয়া, দিয়া ও ছেলে মোয়াজকে কুপিয়ে গুরুতর জখম করেন। তাদের উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। বাকিরা চিকিৎসাধীন। এই ঘটনায় আবু মুসাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।