logo

উত্তরায় রাজউকের জায়গা দখল করা দোকানপাট উচ্ছেদ

উত্তরায় রাজউকের জায়গা দখল করা দোকানপাট উচ্ছেদ

রাজধানীর উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সেই সঙ্গে খালপাড় ও দিয়াবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট, দোকানপাটও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরা ১২ নম্বর সেক্টর-সংলগ্ন খালপাড়ের পূর্ব পাশ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ১০ থেকে ১২টি দোকান উচ্ছেদ করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান এশিয়া পোস্টকে বলেন, 'রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জোন ১/১ ভোক্তা অধিকার এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি।'

তিনি বলেন, 'একটি অভিযান চালাতে গেলে কিছুটা বাধা আসে। তাদের আলোচনা সাপেক্ষে আমরা সুন্দরভাবে কার্যক্রম চালিয়েছি।'

বারবার উচ্ছেদের পরও দখলের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেন, 'একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের কাজ হচ্ছে অথরিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে, সে কাজ করা। আমাকে যে অংশটুকু উচ্ছেদ করতে বলবে, আমি ততটুকুই উচ্ছেদ করব। রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজউকসহ অন্যান্য প্রতিষ্ঠানের। সবার সহযোগিতা ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব না।'

এক প্রশ্নের জবাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ১/১-এর অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম এশিয়া পোস্টকে বলেন, 'সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা আছে। এই গ্যাপের কারণে এমনটা হচ্ছে। এখন সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে এই সমন্বয়হীনতা থাকবে না।'

খালপাড় ও দিয়াবাড়ি এলাকায় রাজউকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেন, 'আমরা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সবকিছু উচ্ছেদ করা হবে।'

অভিযানকালে রাজউকের জোন ১/১-এর কর্মকর্তা এবং থানা পুলিশহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।