
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বাতাসও দূষিত। ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ বা ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।
রোববার (২১ জুন) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। দূষণের দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর মধে ঢাকার অবস্থান ১৫ নম্বরে।
১৭০ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার শহর ‘জাকার্তা’, যা এখানকার বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হবে। একই সময় ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। পাকিস্তানের শহর লাহোর ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৪২ স্কোর নিয়ে কঙ্গোর কিনশাসা পঞ্চম অবস্থানে রয়েছে।
তথ্যমতে, আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘সহনীয়’ বা ‘মধ্যম’ মানের বিবেচনা করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।




