logo

কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঢামেকে মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি মো. আরিফ মিয়া (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা যায়, গত ৫ জুন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

মো. আরিফ মিয়ার বাড়ি নরসিংদীর কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার পিতা আলেক মিয়া। কারাবন্দি নম্বর ছিল ৩৭৭০/এ।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।