logo
Advertisement

নজরুলের দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: মাহবুবা বেগম

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
নজরুলের দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: মাহবুবা বেগম
বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসা. মাহবুবা বেগম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক সংগঠন আশ্রয় পরিচালিত পিএইচডি স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। আর তাতে শিক্ষকদের বেশি বেশি ভূমিকা রাখতে হবে। ভুল তথ্য নয় বরং শিক্ষার্থীদের মাঝে সঠিক শিক্ষা দান করতে শিক্ষকদের অনুরোধ জানান তিনি।

এর আগে সকাল ৯টা থেকে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এতে আবৃত্তি, চিত্রাঙ্কন, নজরুল সংগীত ও একক নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন এবং ও বর্ণিল হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

পুরস্কার হাতে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট
পুরস্কার হাতে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

পিএইচডি স্কুলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাকারিয়া নূরী, ইঞ্জিনিয়ার মো. মাহমুদ, ইঞ্জিনিয়ার নাফিস ইমতিয়াজ রাতুল এবং নাজমুস সাকিব নাঈম।

প্রতিষ্ঠানটির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা বিশ্বাস করি— শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়; সাহিত্য-সংস্কৃতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চাই একজন শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তাইতো ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’ এই আদর্শকে ধারণ করে পিএইচডি স্কুল এগিয়ে চলেছে একটি সুন্দর প্রজন্ম গড়ার প্রত্যয়ে। আজকের এই দিনে নজরুলের চেতনায় জাগুক তারুণ্য, মানবিকতায় সমৃদ্ধ হোক প্রজন্ম, সমৃদ্ধ হোক আমাদের প্রিয় বাংলাদেশ।

অনুষ্ঠানে পিএইচডি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে।