শ্যামলী হাউজিংয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৫

রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ (৬৫), মো. রাসেল (২০), মো. আতিকুল (২৫), মো. রাসেল পিয়াদা (২২) ও লিয়ন (২১)।
সোমবার দুপুরে ডিএমপি জানায়, গত ২৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর সড়কের ৪১ ও ৪২ নম্বর প্লটের ওপর নির্মিত একটি ভবনে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কোপানোর পাশাপাশি দরজা-জানালা ভাঙচুর করে।
এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
পরে রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। একই দিন ভোর ৬টা ৫ মিনিটে পৃথক অভিযানে মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানাসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।