অনুমোদনহীন ও নোংরা জারে খাবার পানি বিক্রি, ৫০০ জার ধ্বংস

রাজধানীর মতিঝিল ও আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ও নোংরা প্রায় ৫০০টি পানির জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভ্যানগাড়িতে পানি সরবরাহের সময় এ অভিযান চালনো হয়।

অভিযানে ‘আর এস ওয়াই এন্টারপ্রাইজ’ ও ‘ডেল্টা ফুড বাংলাদেশ লিমিটেড’-এর লেবেলযুক্ত পানির জারও পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় এসব পানিতে টোটালি ডিজলভড সলিড (টিডিএস) ও পিএইচ (pH)-এর মাত্রা বিএসটিআই নির্ধারিত মানের ভেতরেই পাওয়া যায়।
তবে অভিযানে কিছু পুরোনো ও অপরিচ্ছন্ন জার ব্যবহার এবং জারের ওজনসংক্রান্ত তথ্যে অসঙ্গতি ধরা পড়ে। পাশাপাশি লাইসেন্সবিহীন বিপুল জারও উদ্ধার করা হয়। এসব কারণে জব্দ করা জারের একটি বড় অংশ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বিএসটিআইয়ের উপপরিচালক কাওছার আহমেদ খান বলেন, পানিতে ক্ষতিকর ধাতু বা ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার ফলাফলে ক্ষতিকর কোনো উপাদান পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পানি নিশ্চিত করতে রাজধানীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


