রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকারচালকের মৃত্যু

রাজধানীর রমনা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হারুন অর রশিদ (৪৫) নামে এক প্রাইভেটকারচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর মনোয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হারুনের গাড়ির মালিক কাজী লুৎফর জানান, হারুন তার প্রাইভেটকারের চালক হিসেবে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে বাসার সামনে অন্য চালকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, হারুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা-কাঠালিয়া এলাকায়। তিনি তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যান ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।