logo

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের লোকজনের বিরুদ্ধে যুবকের মাথা ফাটানোর অভিযোগ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের লোকজনের বিরুদ্ধে যুবকের মাথা ফাটানোর অভিযোগ
মো. আরিফ হোসেন। ছবি: পুলিশ সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চলাকালে মো. আরিফ হোসেন (৩০) নামে এক যুবককে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিসের লোকজনের বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) আনুমানিক বেলা ১১টার দিকে জেনেভা ক্যাম্পের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ আরিফকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন।

আরিফ হোসেন রংপুরের সৈয়দপুর পুরান কাজিহাট এলাকার মো. আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করেন।

পুলিশের তাৎক্ষণিক নথিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ওই সময় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের কার্যালয়ের লোকজন জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালান। তখন আরিফ হোসেনকে মারধর করে মাথায় আঘাত করার অভিযোগ ওঠে। পরে তাকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন।

এর আগে জেনেভা ক্যাম্পে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযান পরিচালিত হয়েছে। সর্বশেষ ১৪ অক্টোবরও ক্যাম্পে পুলিশ, ডিবি, এপিবিএন ও এসআরবির সমন্বয়ে অভিযান শুরুর খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে জানতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধানে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের অফিস থেকে জেনেভা ক্যাম্পে কখনও এ ধরনের অভিযান চালানো হয়নি। আমাদের সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।’

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মাদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এশিয়া পোস্টকে বলেন, ‘আহত যুবক নিয়মিত মাদক সেবন করে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হাতাহাতির ঘটনা হতে পারে, তবে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। খোঁজখবর নিয়ে জানাতে পারব।’