logo
Advertisement

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে হামলা, গুলির খোসা উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে হামলা, গুলির খোসা উদ্ধার
হামলা ও গুলিবর্ষণে এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ির গ্লাস ভেঙে যায়। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে হামলা ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পেছনে তার বাসভবনে এ ঘটনা ঘটে।

সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। মায়ের রুমের থাই গ্লাস ভাঙার শব্দ শুনে বারান্দায় যাই। এ সময় চারটি মোটরসাইকেলে হেলমেট পরা সাত থেকে আটজনের একটি দল আমাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। ধাওয়া করার চেষ্টা করলে তারা দ্রুত পালিয়ে যায়।

এস এম রেজা চৌধুরী সেলিমের দাবি, ডেমরা থেকে মাদক নির্মূলে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে মাদক কারবারিরা তার বাড়িতে হামলা চালিয়েছে।

গুলি ও সন্ত্রাসী হামলায় তিনি ভয় পান না জানিয়ে বলেন, যেভাবেই হোক, এসব মাদক কারবারির ঠাঁই ডেমরায় হবে না। এ বিষয়ে ডেমরা থানা-পুলিশকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইফুর রহমান মির্জা বলেন, খবর পেয়ে আমি সেখানে যাই এবং আলামত সংগ্রহ করি। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ একটি দল কাজ করছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি তাইফুর রহমান মির্জা।