পুলিশের ভয়ে পালাতে গিয়ে আটতলা থেকে পড়ে আসামির মৃত্যু

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
বুধবার (৫ আগস্ট) রাত ১টার দিকে সিদ্ধেশ্বরী রোডের র্যাংস গার্ডেন প্যালেসের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলামের বাসা রমনা এলাকার সিদ্ধেশ্বরী রোডের র্যাংস গার্ডেন প্যালেসের বি-৮ ফ্ল্যাটে। তার বাবার নাম কছির উদ্দিন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবারের সঙ্গে সেখানে বসবাস করতেন।
জানা যায়, আটতলা ভবন থেকে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, নজরুল ইসলাম একটি সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করতে রাতে পুলিশ তার বাসায় গেলে তিনি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আট তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে ঢামেকে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই উজ্জ্বল হোসেন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
.png)


