Advertisement

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

এশিয়া পোস্ট ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই জরুরি শাটডাউনের তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুরান পল্টন ও ধানমন্ডি এলাকার লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে।

এ সময় ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিরণ রোড, নিউ এলিফ্যান্ট রোড ও কাটাবন বাগান এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা কম চাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে, নিরাপত্তার স্বার্থে রান্না শেষে গ্যাসের চুলা সতর্কতার সঙ্গে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে তিতাস। পাশাপাশি গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার অন্তত ২০ মিনিট পর বাসাবাড়ির দরজা-জানালা খুলে বাতাস চলাচলের সুযোগ দিয়ে নিরাপদে গ্যাস ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।