চাঁদাবাজি নিয়ে ডিএসসিসির প্রশাসকের কড়া হুঁশিয়ারি

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
সোমবার (৯ মার্চ) পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
আব্দুস সালাম বলেন, রাজধানীর যেকোনো জায়গায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও কড়া নির্দেশনা রয়েছে।
এ সময় নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ জন্য নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
ডিএসসিসির প্রশাসক বলেন, যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, একটা স্মৃতি রেখে গেলাম এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে। সবাই এক যোগে মিলেমিশে কাজ করবো।