রাজধানীতে বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

রাজধানী ঢাকার আকাশ আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে দিনের প্রথমার্ধেই রাজধানীতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুরের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় যেকোনো মুহূর্তে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকারই সম্ভাবনা বেশি।
এদিকে আজ ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যা কিছুটা ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি করতে পারে।
আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।





