logo
Advertisement

সবুজবাগে প্রেম-সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সবুজবাগে প্রেম-সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত
মো. সাইফ উদ্দিন সিফাত। ছবি: গণমাধ্যম থেকে পাওয়া

রাজধানীর সবুজবাগ থানার আদর্শপাড়া বরইতলা এলাকায় প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন সিফাত (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিফাতকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে তাঁকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওএসইসি) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের বন্ধু হাসান জানান, নেহা আক্তার নামে এক তরুণীকে কেন্দ্র করে জয় ও তাঁর ২-৩ সহযোগীর সঙ্গে সিফাতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

তিনি আরও জানান, নেহা আক্তারের সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক ছিল। রোববার মোটরসাইকেলে করে সিফাত নেহার সঙ্গে দেখা করতে গেলে জয় বিষয়টি দেখে ক্ষিপ্ত হয়ে কয়েকজন সহযোগীকে নিয়ে সিফাতের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন সিফাত।

নিহত সাইফ উদ্দিন সিফাত দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার ৩১৯ নম্বর বাসার বাসিন্দা। তিনি জয়নাল আবেদীনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।