শতাধিক শিশুর মুখে হাসি ফোটাল ফ্লাওয়ার্স বাংলাদেশ

প্রতি বছরের মতো এবারও ফ্লাওয়ার্স বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছে ঈদ উৎসব।
আজ রোববার (১৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে শতাধিক শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে সংগঠনটি। নতুন জামা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদি, আতর এবং নানা রকমের চকলেট পেয়ে শিশুদের চোখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক।
১৮ বছর ধরে সংগঠনটি এই মহৎ কর্মসূচি পালন করে আসছে। এর সদস্যরা নিজেদের ঈদের খরচের একটি অংশ উৎসর্গ করেন এসব শিশুদের জন্য। শুধু ঈদ উৎসব নয়, ফ্লাওয়ার্স বাংলাদেশ শিক্ষাবৃত্তি, ব্লাড ক্যাম্পিং, নতুন কর্মসংস্থান, মাদকবিরোধী সচেতনতা এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
২০০৫ সালের ২৫ আগস্ট প্রতিষ্ঠিত ফ্লাওয়ার্স বাংলাদেশ প্রথমে পুরান ঢাকায় কার্যক্রম শুরু করে। এখন এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ দিবসগুলোতে তারা নিয়মিত জনহিতকর কার্যক্রম পরিচালনা করছে। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা শুধু একটি আয়োজন নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন ভালোবাসার হাত ছড়িয়ে পড়ুক আরও বহুদূর, যেন সমাজের প্রতিটি শিশুর জীবন ভরে ওঠে আনন্দে।