logo
Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর, কত ভোট পেলেন বিপক্ষ প্রার্থী

এশিয়া পোস্ট নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর, কত ভোট পেলেন বিপক্ষ প্রার্থী
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Advertisement

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ১০টায় নির্বাচনের পর বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়।

জাতিসংঘ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ১৯০ ভোটের মধ্যে খলিলুর রহমান ৯১ ভোট পেয়েছেন। আর তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯০ ভোট।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই নির্বাচনের জন্য তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু একই পদে ফিলিস্তিনের প্রার্থী থাকায় তখন বাংলাদেশ প্রার্থিতা স্থগিত রাখে। পরে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করলে বাংলাদেশের প্রার্থিতা পুনরায় আলোচনায় আসে।

এরই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতা পরিবর্তন করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী পদে মনোনয়ন দেওয়া হয়।

সদস্যদেশগুলোর ভোটে খলিলুর রহমান নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি। ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। রাজনীতিতে যোগদানের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আঞ্চলিকভাবে ঘূর্ণমান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি পেতে যাচ্ছে জাতিসংঘ।

এই পদটি প্রতি বছর পরিবর্তিত হয় এবং জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর (আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য) মধ্যে আবর্তিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রগুলো সরাসরি সভাপতি নির্বাচন করে, যেখানে প্রতিটি দেশের একটি করে ভোট থাকে।

গত বছরের ২ জুন জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।