সাতসকালে ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় মঙ্গলবার ঢাকার অবস্থান দ্বিতীয়। বায়ুমান নিয়ন্ত্রণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ২২১ নিয়ে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে আইকিউএয়ারের প্রকাশিত লাইভ সিটি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ৩০১ নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে। এরপরেই ২২১ মান নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং (১৯৫), চতুর্থ স্থানে ভারতের দিল্লি (১৯৪) ও পঞ্চম স্থানে কলকাতা (১৯২)।
এ ছাড়া তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৭৪), সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে পাকিস্তানের করাচি (১৬৪) ও মঙ্গোলিয়ার উলানবাটোর (১৬৪)। নবম ও দশম স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা (১৬১) ও রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক (১৬০)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।