logo

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে সভায় বসছে। এদিন চাঁদ দেখা গেলে দেশে ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার (২০ মার্চ)। চাঁদ দেখা না গেলে ঈদ হবে শনিবার (২১ মার্চ)। এর মধ্যে সারা দেশে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে রাজধানীর ঈদগাহগুলোও। 

রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। এখানে একসঙ্গে ৩৫ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। 

ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ।

ঈদের নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। 

তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে। 

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জাতীয় মসজিদে সকাল ৭টায় প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয় জামাত, সকাল ৯টায় তৃতীয় জামাত, সকাল ১০টায় চতুর্থ জামাত এবং সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে। 

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে সংসদ সদস্য ছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়রা নামাজ পড়বেন। 

 

সকাল ৮টায় আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় সকাল ৮টায় প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুর হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত হবে।