বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, ঢাকার বাতাস সহনীয়

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, ঢাকার বাতাস সহনীয়
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে ৩০তম অবস্থানে। বর্তমানে ঢাকার বায়ুর মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

সোমবার (৬ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা থেকে ৯টার লাইভ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক ১৫৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। শহরটির বায়ুমান সূচক ১৪৮, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

১৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। চতুর্থ স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৩৯। ভারতের রাজধানী দিল্লি ১১৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া ইসরায়েলের জেরুজালেম ১১৫, তেল আবিব-ইয়াফো ১০৫, যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি ৯৮, চিলির সান্তিয়াগো ৯৬ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ৯৪ স্কোর নিয়ে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে।

অন্যদিকে ঢাকার বায়ুমান সূচক ছিল ৬৮, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে পড়ে। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩০তম।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।