logo

‘পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও জনগণকে একযোগে কাজ করতে হবে’

‘পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও জনগণকে একযোগে কাজ করতে হবে’
‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে ইশরাক হোসেন। ছবি: এশিয়া পোস্ট

পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সব কর্মীকেও ‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান ইশরাক হোসেন। তিনি বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জনসচেতন বাড়ানোর জন্য আমরা এখানে আজ কর্মসূচি করছি। আমরা যত কর্মসূচি করি না কেন—শহর পরিষ্কার রাখার জন্য সচেতন না হলে কোনদিনও এই শহরকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারব না।

তিনি বলেন, যেখানে সেখানে ময়লা ফেলা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। এছাড়া আমাদেরকে পর্যাপ্ত পাবলিক টয়লেট তৈরি করতে হবে। পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে।

ইশরাক হোসেন বলেন, ঢাকা শহরে যে পরিমাণ চাপ বেড়েছে তাতে ধারণ ক্ষমতার বাহিরে চলে গেছে। তাই ঢাকা থেকে চাপ কমিয়ে কীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আশেপাশের এলাকায় নিয়ে যেতে পারি সেই পরিকল্পনা করতে হবে।

এ সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।