logo
Advertisement

বাংলামোটর-শাহবাগে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাংলামোটর-শাহবাগে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে অভিযানটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান।

​অভিযানকালে সড়ক ও ফুটপাতের জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। এ ছাড়া জমানো পানিতে এডিস মশার লার্ভা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখেন পরিচ্ছন্নতাকর্মীরা।

​পরিদর্শন শেষে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সমান গুরুত্ব দিতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই শিফটে কাজ করছেন। প্রাক-বর্ষা মৌসুমের জরিপে ঝুঁকিপূর্ণ চিহ্নিত এলাকাগুলোতে সারাদিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে।

​তিনি আরও বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​অভিযানে ডিএসসিসির সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।