logo

সংসদ এলাকায় ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সংসদ এলাকায় ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
রাজধানীর সংসদ ভবন এলাকা। ছবি: গুগল ম্যাপস থেকে

রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে মোছা. রনজিলা সরকার (৫৫) নামের একজন শিক্ষিকা নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে মানিক মিয়া এভিনিউ সড়কের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

তিনি বগুড়ার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রামের ময়েজ উদ্দিন সরকারের মেয়ে।

থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, চক্ষু চিকিৎসার জন্য বগুড়া থেকে ভোরে এসে গাবতলী বাস টার্মিনালে নামেন। পরে একটি রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সংসদ ভবনের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে করে পেছন থেকে ছিনতাইকারীরা এসে তার হাতে থাকা ব্যাগ ধরে টান দিলে রনজিলা সরকার রিকিশা থেকে পড়ে মাথা ফেটে যায়।

পরবর্তীতে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ঘাতক ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি, দ্রুত গ্রেপ্তার করতে পারব।