logo

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২
বিস্ফোরণে ক্যান্টিনের কাচ ভেঙে যায়। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বুধবার (১৩ মে) দুপুরে সোনাগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— রামিজুল (৪৫), নাজমুল শেখ (৪০), আমির (২৫), মনির হোসেন (৪৫), শঙ্কর (২৫), সাইফুল ইসলাম (৩০), তুহিন শেখ (৩০), কাউসার (৩০), আল আমিন (৪০), বদরুল হায়দার (৫০), সুপ্রভাত ঘোষ (৪২) ও ওসমান গনি (৩০)।

দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনের বুফেতে খাবার খাচ্ছিলেন। তখন ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত-মুখ ও পা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে পাঠানো হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ফায়ার সর্ভিস নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি জানান, পাওয়ার প্লান্টের ভেতরে ক্যান্টিনের পাশে রাখা সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস জমে যায়। এ সময় কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ১২ জন দগ্ধকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।