logo

ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক

ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক
বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা। ছবি: এশিয়া পোস্ট

আসনসংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। প্রতিদিন দরিদ্র ও অসহায় রোগীসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। এদের মধ্যে দরিদ্র ও অসহায় রোগীকে টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। দালালদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সংগঠনের সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পরিচালক বলেন, আসনসংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়। এদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাও কম নয়। তাদেরকেও টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। এসব দালালদের প্রতিরোধের সহযোগিতা চাইলেন।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

এ সময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. আশরাফুলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিএমআরএর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, আবাদুজ্জামান শিমুল, শফিউল ইসলাম আল আমিন, মো. তানভির রাজা, মানিক, মো. মাসুদ রানা, আকবর হোসেন, তানভির রাজা, এস এ শাওন, এস এ মোত্তালিব, মোহাম্মদ হোসেন সানি, মোহাম্মদ নাহিন খান ও শিশির আহমেদ হিমেল।