রাজধানীতে কাল চালু হচ্ছে ‘মহিলা বাস’ সার্ভিস, চালক-কন্ডাক্টরও নারী

নারীদের সুবিধা ও নিরাপত্তার জন্য রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। এ বাস সার্ভিসে যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আগামী ১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন। বাসগুলো হবে পিংক রঙের।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ভিসটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।



