বাড্ডায় ৫৭৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

রাজধানীর বাড্ডায় ৫৭৪ বোতল বিদেশি মদসহ মো. রোমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উত্তর বাড্ডার প্রগতি সরণিতে বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় এসব মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের পরিমাণ ৪৩০ দশমিক ৫ লিটার। এর আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা।
পরবর্তীতে বিকেলে এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিউমার্কেট এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ অবৈধ মদ খিলক্ষেতের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ভোরে উত্তর বাড্ডা বাস স্ট্যান্ডসংলগ্ন প্রগতি সরণির ফুটওভার ব্রিজের নিচে চেকপোস্ট বসানো হয়।
পরবর্তীতে একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে চালককে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে পিকআপটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে অভিযানকারী দল কামরুল কনভেনশন সেন্টারের সামনে পিকআপটি থামায়। তারপর পিকআপে তল্লাশি চালিয়ে ৫৭৪ বোতল বিদেশি মদ উদ্ধার এবং রোমানকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা মদ, পিকআপ ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।