logo

ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় পুলিশের বিশেষ অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসার আস্তানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা পুলিশ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় গত ১ ও ২ নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ধলপুর সিটি পল্লী ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল। এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ও কিশোর-তরুণদের মাদকাসক্তির ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল।

এর আগে ওই এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও জামিনে বের হয়ে তাদের কেউ কেউ পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল বলে পুলিশ জানায়।

এ পরিস্থিতিতে মাদক ব্যবসার স্থায়ী আস্তানা ও এর অনুকূল পরিবেশ ভেঙে দিতে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারিদের ব্যবহৃত অবৈধ স্থাপনা ও আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযান শেষে ধলপুর সিটি পল্লী এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি ও গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে, যাতে উচ্ছেদ করা এলাকায় ফের মাদক কারবারিরা সক্রিয় হতে না পারে।

থানা পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ধলপুর সিটি পল্লী এলাকায় ৩৫টি মাদক মামলা এবং ৩টি পুলিশ আক্রমণের মামলা হয়েছে। একই সময়ে ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এলাকায় নিয়মিত নজরদারি রাখা হবে।