logo
Advertisement
গেন্ডারিয়ায় গোলাগুলি

পুলিশের লুট হওয়া ম্যাগাজিন-গুলিসহ গ্রেপ্তার ৫

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পুলিশের লুট হওয়া ম্যাগাজিন-গুলিসহ গ্রেপ্তার ৫
কোলাজ। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় দুইটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

তিনি জানান, গত ৩০ আগস্ট গেন্ডারিয়া থানার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও চা-দোকানি আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে আশা ও সিয়াম পথচারী ছিলেন। গোলাগুলিতে আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাম পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে।

ঘটনার পর র‌্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।

পরবর্তীতে ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজান (১৯)কে গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ বুধবার (৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিমকে (১৮) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান বলেন, শৈকতের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪২০ পিস ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

তিনি জানান, শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলির মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুট হওয়া অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদ হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও পুলিশের লুট হওয়া গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান চলছে।