নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে ডুবে তানিশা (৮) ও রায়হান (৮) নামে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চসিমুউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের তথ্যমতে, তানিশা ও রায়হান তাদের মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে তারা বাড়ির পাশের একটি পুকুরে খেলতে যায়। একপর্যায়ে তাদের একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে পানিতে নামে। পরে দুজনই ডুবে যায়।
বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের খালা কামরুন নাহার জানান, তানিশা ও রায়হানের বাবা মোহাম্মদ শরিফ কুয়েতপ্রবাসী। তাদের বাড়ি ঢাকার ডেমরা থানার ঠুনঠুরলিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায়। তারা মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
