শ্যামপুরে পাম্পের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরে সালাউদ্দিন পাম্পের সামনের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সালাউদ্দিন পাম্পের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন। তার পরনে ছিল কালো রঙের ফুলপ্যান্ট।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসআই আসাদুজ্জামান আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।