পল্লবীতে পার্কিংয়ে থাকা বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিরামিক রোডের সরকারি কলেজের পাশে সকালে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
তিনি জানান, সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।
এ ঘটনায় মামলা করেছেন কি না জানতে চাইলে খান মো. মহিতুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মামলা করেননি।
