ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে টেলিক্যাশের বাণিজ্যিক যাত্রা শুরু

বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ক্যাশলেস বা নগদবিহীন ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘টেলিক্যাশ লিমিটেড’।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-র অঙ্গপ্রতিষ্ঠান টেলিক্যাশ লিমিটেড গত ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন লাভ করে। এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সাউথইস্ট ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-র সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি জনাব এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিক্যাশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. খালিদ মাহমুদ খান এবং টেলিক্যাশ লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম বলেন, বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার ও ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে টেলিক্যাশ লিমিটেড-এর যাত্রা শুরু একটি যুগান্তকারী পদক্ষেপ। মূল ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশকে প্রয়োজনীয় কৌশলগত সহায়তা ও নির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সমাধান পৌঁছে দিতে পারে।
টেলিক্যাশ লিমিটেড-এর চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ বলেন, টেলিক্যাশ-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দেশের ডিজিটাল আর্থিক সেবার প্রসারে আমাদের অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সাউথইস্ট ব্যাংকের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং গ্রাহক-কেন্দ্রিক এমএফএস প্ল্যাটফর্ম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে টেলিক্যাশ লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. মনিরুল ইসলাম প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল ও লক্ষ্য তুলে ধরে বলেন, টেলিক্যাশ কেবল বাজারে আরেকটি এমএফএস ব্র্যান্ড হিসেবে নয়; বরং প্রযুক্তিগত উৎকর্ষ, ঝুঁকি-সচেতন পরিচালন এবং সুশাসনের সমন্বয়ে একটি আস্থাশীল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।
তিনি উল্লেখ করেন, ‘নিরাপদ লেনদেন নিমিষেই’ অঙ্গীকারকে পাথেয় করে ইধহমষধ ছজ ভিক্তিক ডিজিটাল লেনদেনকে সহজতর ও সাশ্রয়ী করাই টেলিক্যাশের মূল লক্ষ্য।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ব্যবসায়িক সহযোগী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ নির্মাণের নতুন অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।