logo

হুয়াওয়ে কানেক্ট-২০২৬ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রযুক্তি উন্মোচন

হুয়াওয়ে কানেক্ট-২০২৬ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রযুক্তি উন্মোচন
সাংহাইয়ে ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’ সম্মেলনে বক্তব্য রাখেন হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং। ছবি: হুয়াওয়ে

চীনের সাংহাইয়ে গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল হুয়াওয়ের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রযুক্তিবিশেষজ্ঞ, শিল্পখাতের নেতৃবৃন্দ, গ্রাহক ও সহযোগীদের উপস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত ডিজিটাল সংযোগ এবং উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে একটি সমন্বিত, বুদ্ধিমত্তাসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে।

‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামগ্রিক শিল্পখাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিখুঁত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের রূপরেখা তুলে ধরা হয়।

হুয়াওয়ের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল যেন দায়িত্বশীল, নিরাপদ ও টেকসই উপায়ে সবার কাছে পৌঁছায়, সে জন্য সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, ডেভেলপার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ও উন্মুক্ত সহযোগিতা অপরিহার্য।

সম্মেলনের মূল বক্তব্যে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং শিল্পখাতে এআই ব্যবহারে সক্ষমতা বাড়াতে নতুন কয়েকটি যুগান্তকারী সমাধান উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে:

অ্যাটলাস ৯৬০ই সুপারপড: এআই কম্পিউটিংয়ের বিশেষায়িত ও শক্তিশালী সমাধান।

তাইশান ৯৫০ সুপারপড: উন্নত কম্পিউটিং সক্ষমতা ও প্রসেসিং গতি বৃদ্ধির প্ল্যাটফর্ম।

ওশানস্টোর এম৯০০: এআইভিত্তিক ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে সহজ ও কার্যকর করার উন্নত স্টোরেজ ব্যবস্থা।

এসব সমাধান বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ এবং বিপুল পরিমাণ ডেটা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি টেলিযোগাযোগ, আর্থিক সেবা, ম্যানুফ্যাকচারিং, জ্বালানি, পরিবহন, সরকারি খাত ও শিক্ষা খাতে কাজের দক্ষতা ও সেবার মান বাড়াতে সাহায্য করবে।

ডেভিড ওয়াং তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে বিশ্ব আজ এক গভীর রূপান্তরের যুগে প্রবেশ করছে। এই অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন শক্তিশালী ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, উন্মুক্ত ইকোসিস্টেম এবং আন্তর্জাতিক শিল্পখাতগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা।”

ডিজিটাল দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী ইকোসিস্টেম এবং পরবর্তী প্রজন্মের সংযোগ প্রযুক্তির প্রসার নিয়ে নানামুখী আলোচনার মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই সম্মেলন। হুয়াওয়ে বিশ্বজুড়ে তাদের অংশীদারদের সাথে নিয়ে একটি পূর্ণাঙ্গভাবে সংযুক্ত ও বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্ব গঠনে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।