বিইউবিটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। অমর একুশ উপলক্ষে সকালে প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। পরে বিভিন্ন বিভাগ ও ক্লাবের পক্ষ থেকেও পর্যায়ক্রমে শ্রদ্ধা জানানো হয়।
এরপর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, কালেরকণ্ঠ পত্রিকার সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনের প্রেরণা এসেছে। ভাষা, অধিকার ও আত্মপরিচয়ের প্রশ্নে বাঙালির সংগ্রাম একটি ধারাবাহিক প্রক্রিয়া।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে বাস্তব কাজে রূপ দিতে হবে। আধুনিক প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে পারলে বিশ্বমঞ্চে বাংলা আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এ লক্ষ্যেই বিইউবিটি কাজ করছে।
অনুষ্ঠানে বিইউবিটি ইনোভেশন হাবের উদ্যোগে ByteBuilders নামে একটি বিশেষ প্রযুক্তি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে বাংলায় রোবোটিক্স চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের গবেষক রাকিব হাসান, শাহাদাত হোসাইন সানি, আবদুল্লাহ আল সাদনান ও মাহবুবুল ইসলাম।
শেষে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।