৪০০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষ হলো এশিয়া ফার্মা এক্সপো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ১৭তম এশিয়া ফার্মা এক্সপো ২০২৬ ও এশিয়া ল্যাব এক্সপো ২০২৬ শেষ হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ আয়োজনের সমাপ্তি ঘটে। শেষ দিনেও ছিল দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি।
মেলায় উদ্যোক্তা ও ক্রেতারা বিভিন্ন স্টল ঘুরে ঔষধশিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল ও বিভিন্ন ফর্মুলেশন সম্পর্কে ধারণা নেন। প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং, প্যাকেজিং, এপিআই ও এক্সিপিয়েন্টস, অ্যানালিটিক্যাল ও ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্লিনরুম ও এইচভিএসি সিস্টেমসহ খাতের নানা প্রযুক্তি তুলে ধরা হয়। এবারের আয়োজনে ডেনমার্ক, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম, আয়ারল্যান্ড ও ভারতসহ ২০টিরও বেশি দেশের ৪০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
২০০৩ সাল থেকে এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো ফার্মাসিউটিক্যাল উৎপাদন সরবরাহ চেইনের পূর্ণাঙ্গ কাভারেজসহ অঞ্চলের একমাত্র বিশেষায়িত প্রদর্শনী হিসেবে পরিচিত। এটি উদ্যোক্তা, গবেষণা ও উন্নয়ন (আরডি) বিশেষজ্ঞ এবং করপোরেট সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য নতুন যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকেজিং সমাধান এবং ল্যাব প্রযুক্তি অন্বেষণের সুযোগ তৈরি করে।
বিগত বছরগুলোতে এই প্রদর্শনীগুলো প্রযুক্তিগত উন্নয়ন ও শিল্প আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বাংলাদেশকে আমদানিনির্ভর বাজার থেকে উচ্চমানের জেনেরিক ঔষধ রপ্তানিকারক দেশে রূপান্তরে সহায়তা করেছে। সোর্সিং, নেটওয়ার্কিং, প্রযুক্তি মূল্যায়ন এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এশিয়া ফার্মা এক্সপো গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করছে।