আইএসইউতে ওবিইভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

এশিয়া পোস্ট ডেস্ক
আইএসইউতে ওবিইভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
ছবি : সংগৃহীত

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ওবিইভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ে দিনব্যাপী একটি ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইএসইউর ট্রেজারার অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাসেম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষকদের নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন প্রয়োজন। মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন, আধুনিক মূল্যায়ন পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ অর্জনেও সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবুল কাসেম বলেন, একটি প্রশ্নপত্রের মান নির্ভর করে সেটি শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা কতটা মূল্যায়ন করতে পারছে তার ওপর। তিনি বলেন, অ্যাসেসমেন্ট রুব্রিক্স ব্যবহার করলে মূল্যায়নে ব্যক্তিনির্ভরতা কমে এবং সব শিক্ষার্থী একই মানদণ্ডে মূল্যায়নের সুযোগ পায়। তাই ওবিই সফলভাবে বাস্তবায়নে এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ সময়োপযোগী।

দিনব্যাপী কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম। তারা ওবিই অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন, কোর্স লার্নিং আউটকামের সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য নির্ধারণ, ব্লুমস ট্যাক্সোনমির কার্যকর প্রয়োগ এবং অ্যাসেসমেন্ট রুব্রিক্স তৈরির বিভিন্ন কৌশল বাস্তব উদাহরণ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তুলে ধরেন।

প্রশিক্ষকেরা বলেন, এসব পদ্ধতি অনুসরণ করলে শিক্ষকরা নিজ নিজ কোর্সে আরও পরিকল্পিত, স্বচ্ছ ও ফলাফলভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে পারবেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও ব্যবহারিক অনুশীলনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।