Advertisement

বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

এশিয়া পোস্ট ডেস্ক
বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন
এবার বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ গ্রুপ। ছবি : সংগৃহীত

দেশের এভিয়েশন খাতে নতুন যাত্রা শুরু করেছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন, শিল্প খাত, ব্যক্তিগত ভ্রমণ এবং চিকিৎসা সেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, এই সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগের পাশাপাশি আধুনিক, আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা পাবেন।

আকিজ এভিয়েশন জানায়, দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে পরিচালিত হবে এই হেলিকপ্টার সেবা।

এদিকে, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই সেবায় সহযোগিতা করছে আকিজ এভিয়েশন।

প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ মডেলের হেলিকপ্টার এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন আর৬৬ (Robinson R66) মডেলের হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

আকিজ এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে বর্তমানে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধার অভিযান, সংকটাপন্ন রোগী পরিবহন, জরুরি ব্যবসায়িক সফর, নাটক ও সিনেমার শুটিং, রাজনৈতিক সফর, বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন এবং ব্যক্তিগত ভ্রমণেও হেলিকপ্টারের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

এই প্রেক্ষাপটে বিশেষ প্রয়োজনে নিরাপদ, দ্রুত ও সময় সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে সবসময় গ্রাহকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আকিজ এভিয়েশন লিমিটেড।

হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সেবার জন্য যে নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫, ০১৭১৩-৪৮৮৪০৬।