জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার দল

জাতীয় পর্যায়ের রোবোটিকস ও অ্যারোস্পেস প্রতিযোগিতা ‘ন্যাশনাল অ্যারো-জিনিয়াস কম্পিটিশন ২০২৬’-এর স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার দল। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার স্বীকৃতি হিসেবে প্রথম স্থান অর্জন করেছে দলটি।
গত ১৯ ও ২০ নভেম্বর লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় ২৭টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৪টি দল অংশ নেয়। প্রতিযোগীর সংখ্যা ছিল ২৯৬ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আয়োজনে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো সকার বট, রোটরক্রাফট ইউএভি চ্যালেঞ্জ, ফিক্সড-উইং ইউএভি চ্যালেঞ্জ এবং স্পেস রোবোটিকস চ্যালেঞ্জ।
গ্রিন ইউনিভার্সিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির গ্রিন রোবোটিকস সোসাইটি থেকে তিনটি সকার বট দল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে একটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। অন্যদিকে স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে অংশ নিয়ে গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার দল প্রথম স্থান অর্জন করে।
এই বিভাগে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘রোভার ৭১’ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘টিম অগ্রদূত’।
শুক্রবার (২০ নভেম্বর) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএইউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম. মুস্তাফিজুর রহমান এবং ডিস্টিংগুইশড প্রফেসর এয়ার কমোডর (অব.) ড. আফজালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।
তিনি বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এটি তাদের মেধা, পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করে আসছি। এই সাফল্য আমাদের সেই প্রচেষ্টারই ইতিবাচক ফল।’
মার্স রোভার দলের সদস্য, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। এই অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করবে এবং দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় অবদান রাখতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মতে, জাতীয় পর্যায়ের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবোটিকস, প্রকৌশল ও প্রযুক্তিগত উদ্ভাবনে আগ্রহ এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গবেষণা ও হাতে-কলমে প্রযুক্তিগত শিক্ষার কার্যক্রম আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে।
