ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশের মিটআপ অনুষ্ঠিত

ভ্রমণপ্রেমীদের জনপ্রিয় অনলাইন কমিউনিটি ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ–এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড মিটআপ ও বিশেষ প্যানেল আলোচনা। শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ভ্রমণপ্রেমী, উদ্যোক্তা এবং বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং–সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকদের মতে, ফেসবুকভিত্তিক এই কমিউনিটি ভ্রমণপিপাসুদের একটি বড় পরিবারে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো সদস্য এখানে ভ্রমণ পরিকল্পনা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় তথ্য শেয়ার করেন। অনলাইনের এই বন্ধনকে আরও দৃঢ় করতে সরাসরি মিলিত হওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয় মিটআপটি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক ভিসা প্রসেসিং : বাস্তবতা, চ্যালেঞ্জ ও সঠিক গাইডলাইন শীর্ষক প্যানেল আলোচনা। এতে বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া নিয়ে কাজ করা অভিজ্ঞরা বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা দেন।
প্যানেলটি সঞ্চালনা করেন কমিউনিটির অ্যাডমিন মাসুমুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সঠিক তথ্য ও প্রস্তুতির অভাবে অনেক আবেদনকারী অপ্রয়োজনীয় জটিলতায় পড়েন। সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় অংশ নেন আসফাকুর রহমান, শামিম আহমেদ, মাহমুদ মুসা সাইদ এবং রুবেল আহমেদ সামির। এছাড়া বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৫৮টি দেশ ভ্রমণ করা কাজী আসমা আজমেরী তার ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, সফল ভিসা আবেদনের জন্য সঠিক ও যাচাইকৃত তথ্য, স্বচ্ছ আর্থিক প্রোফাইল এবং বাস্তবসম্মত ভ্রমণ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য প্রদান বা অতিরঞ্জিত উপস্থাপন আবেদনকারীর জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফুল ইসলাম আরমান।
ভ্রমণ সচেতনতা বাড়াতে এমন আয়োজন প্রয়োজন
অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশে আন্তর্জাতিক ভ্রমণের আগ্রহ বাড়ছে। তবে অনেকেই সঠিক গাইডলাইন না পেয়ে দালালচক্র বা ভুয়া তথ্যের শিকার হন। এ ধরনের উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন ভ্রমণসংক্রান্ত সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে।
ভ্রমণ এখন শুধু বিনোদন নয়, শিক্ষা, ব্যবসা ও বৈশ্বিক যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আন্তর্জাতিক ভ্রমণের আগে সঠিক প্রস্তুতি ও তথ্য জানা অত্যন্ত জরুরি। ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশের এই আয়োজন দেখিয়ে দিল, সম্মিলিত উদ্যোগ ও তথ্যভিত্তিক আলোচনা ভ্রমণকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে পারে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হলে ভ্রমণপ্রেমীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।