logo
Advertisement

দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার

এশিয়া পোস্ট প্রতিবেদক
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার
এআই-নির্ভর রোবোটিক সার্জারির পর চিকিৎসকদের সংবাদ সম্মেলন। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশের চিকিৎসা খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে ইউনাইটেড হেলথকেয়ার। দেশের চিকিৎসা ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে এআই-নির্ভর রোবোটিক সার্জারি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে দুটি পৃথক জটিল অপারেশনের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়। অত্যাধুনিক ‘Medbot Toumai Endoscopic Surgical Robot’-এর সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই সার্জারি পরিচালনা করেন।

প্রথম অপারেশনে অধ্যাপক ডা. রফিকুল সালেহীন পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর সফল ‘রোবোটিক কোলেসিস্টেকটমি’ সম্পন্ন করেন। অন্যদিকে, জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারী রোগীর সফল ‘রোবোটিক হিস্টরেকটমি’ সম্পন্ন করেন অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী)।

বিশেষজ্ঞরা জানান, রোবোটিক সার্জারিতে থ্রিডি ভিজ্যুয়াল সিস্টেম এবং ৩৬০-ডিগ্রি ঘুরতে সক্ষম রোবোটিক আর্ম ব্যবহার করা হয়। ফলে মানুষের হাতের চেয়েও সূক্ষ্ম ও নিখুঁতভাবে, কম কাটাকাটিতে এবং আশেপাশের টিস্যুর ক্ষতি না করে অস্ত্রোপচার করা সম্ভব হয়। এতে রোগীর ব্যথা ও রক্তক্ষরণ কমে এবং তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) জানান, এই প্রযুক্তি দ্রুতই কার্ডিয়াক, নিউরো, ইউরোলজি ও গাইনোকোলজিসহ অন্যান্য জটিল বিভাগে সম্প্রসারণ করা হবে। বিদেশে না গিয়ে দেশের মাটিতেই সাশ্রয়ী ও বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

ইউনাইটেড হেলথকেয়ার কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানায়, এ প্রযুক্তির সংযোজন দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা ও চিকিৎসার মান বহুগুণ বাড়িয়ে দেবে।