logo

শিক্ষাক্ষেত্রে দক্ষ জাতি গঠনে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রে দক্ষ জাতি গঠনে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা চালুর মাধ্যমে একটি দক্ষ জাতি গড়ে তুলতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তিনি জানান, আগে শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন তরুণদের দক্ষ করে গড়ে তুলতে সরকার নতুন ও বড় পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করার বিষয়ে কয়েকটি পরিকল্পনামন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ জাতি গঠনের লক্ষ্য অর্জনে তিনি দৃঢ়ভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

ড. এহসানুল হক মিলন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক হিসেবে এক বছর দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে দেশের তরুণদের পেশাভিত্তিক দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন পরিকল্পনা ও কারিকুলাম চালু করতে তিনি ভূমিকা রাখেন।

মতবিনিময় সভায় দেশের উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সমস্যা এবং সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা শেষ করার পর তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনার শুরুতে ইউসিএসআই ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়। ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

দক্ষ জাতি গঠনে শিক্ষামন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাদের আশা, আগের মেয়াদে যেমন শিক্ষাঙ্গনে নকল বন্ধ করতে তিনি সফল হয়েছিলেন, তেমনি এবারও দক্ষ জাতি গঠনের উদ্যোগে সফল হবেন।