logo

বর্ণাঢ্য আয়োজনে ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ছবি: বিশ্ববিদ্যালয় সৌজন্যে

‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

রোববার (৪ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অতিথি ও ইউল্যাব পরিবারের সদস্যরা অংশ নেন। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় বিশ্ববিদ্যালয়ের পথচলা তুলে ধরতে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাসজুড়ে ছিল পাঁচটি ইন্টারঅ্যাকটিভ জোন—‘ডিসকভার’, ‘ডেভেলপ’, ‘ডেমোনস্ট্রেট’, ‘ডিস্টিংগুইশ’ ও ‘বিলং’। এসব জোনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন, সৃজনশীলতা ও ক্লাব কার্যক্রম তুলে ধরা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের সক্ষমতা প্রদর্শনী, ‘আইডিয়াস অব বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র, আন্তর্জাতিক অংশীদারত্বের প্রদর্শনী, কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে চীনা ক্যালিগ্রাফি এবং জাপান দূতাবাসের আয়োজনে ঐতিহ্যবাহী পোশাক ইউকাতা পরিধান ও অরিগামি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় ইউল্যাবের থিম সং পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের অগ্রযাত্রা, মানসম্মত শিক্ষা, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গ্র্যাজুয়েট তৈরির বিষয়ে ইউল্যাবের অঙ্গীকার তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, সৃজনশীলতা, স্বাধীন চিন্তাভাবনা ও একাডেমিক উৎকর্ষ ইউল্যাবের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. তারেক। তিনি ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য গ্র্যাজুয়েটদের প্রস্তুত করতে ব্যবহারিক দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সমাপনী বক্তব্য দেন ইউল্যাবের উপউপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। তিনি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রক ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ইউল্যাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।