আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব
-6aa414-720x405.webp)
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC)। দেশের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে প্রতিযোগিতা করে এই সাফল্য অর্জন করেছে সংগঠনটি।
প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের পক্ষ থেকে রেইনকোট নাটকটি পরিবেশন করা হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তারেক শুভ।
বৃহস্পতিবার রাতে, ২০ আগস্ট, প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন ভুঁইয়া।
এ প্রতিযোগিতায় অংশ নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সরকারি তিতুমীর কলেজ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের এই অর্জন বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও দলগত প্রচেষ্টারও প্রতিফলন ঘটেছে এ অর্জনে।
সাফল্যের অনুভূতি জানিয়ে BUCC-এর সদস্যরা বলেন, তাদের মূল শক্তি ছিল আত্মবিশ্বাস, পরিশ্রম এবং একে অপরের প্রতি বিশ্বাস। সীমাবদ্ধতাকে বাধা হিসেবে না দেখে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই তারা প্রতিযোগিতায় এগিয়ে গেছেন।
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই অর্জনের জন্য BUCC-এর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


