ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু

এশিয়া পোস্ট ডেস্ক
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু
ছবি: সংগৃহীত

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সেন্টার চালু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু সময়োপযোগী উদ্যোগ। বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘ যে বন্ধন রয়েছে, এ ধরনের কাজের মাধ্যমে তা আরও দৃঢ় করবে।’

একই সঙ্গে এই ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রথম ভাষা হিসেবে জাপানি ভাষাকে বেছে নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, তৃতীয় ভাষা শেখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করেছে। এর মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা সীমানা ছাড়িয়ে নিজেদের বৈশ্বিক গ্র্যাজুয়েট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব হেদায়তুল ইসলাম। তিনি এই ধরনের শিক্ষাগত অগ্রগতিমূলক কাজের সঙ্গে সরকারের একাত্মতার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার একাডেমিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও জাপান এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।